‘নিরাপত্তা দিতে ব্যর্থ হলে সেই সরকারের প্রয়োজন নেই’
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পিএম
ছবি: সংগৃহীত
দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তা নিয়ে শান্তিতে ঘুমাতে না পারেন, তাহলে সেই সরকারের ক্ষমতায় থাকার কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে ব্যর্থ হলে দেশ পরিচালনার দায়িত্ব এমন নেতৃত্বের হাতে তুলে দেওয়া হবে, যারা তা নিশ্চিত করার সক্ষমতা রাখে।
রোববার (৪ অক্টোবর) সকালে রাজধানীর মধুবাগ মাঠে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, রাজধানী ঢাকাসহ সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মকভাবে অবনতি হয়েছে। জনগণের মৌলিক স্বাস্থ্য সুরক্ষাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো একে একে ধ্বংস করে দেওয়া হয়েছে। সরকার জনস্বার্থে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না, আবার বিরোধী কোনো পক্ষকেও ভালো কাজ করতে দিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন: ‘অন্যায়ের প্রতিবাদ করে বীরে পরিণত হয়েছেন আখতারুজ্জামান’
বিমানবন্দরে দলীয় সংসদ সদস্যদের হেনস্তার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মামলা সম্পূর্ণ ‘ভিত্তিহীন ও মিথ্যা’। তিনি বলেন, মেজর আখতারুজ্জামান কারও ওপর চড়াও হননি। তার বিরুদ্ধে আনা প্রতিটি অভিযোগ ‘হাজার ভাগ মিথ্যা’।
ডা. শফিকুর রহমান বলেন, মেজর আখতারুজ্জামান এখন শুধু জামায়াতে ইসলামীর প্রতিনিধি নন, তিনি সারা দেশের নির্যাতিত ও ভুক্তভোগী মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর। এ ধরনের নিপীড়নের ঘটনাকে হালকাভাবে না নেওয়ার জন্য দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান তিনি।
আইন প্রয়োগের ক্ষেত্রে দ্বিমুখী আচরণের অভিযোগ তুলে জামায়াত আমির বলেন, জনগণের চোখে ধুলা দেওয়ার জন্য একজনকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করানো হয়েছে। কিন্তু তিনি দল ছাড়েননি, এমনকি তার হাতে হাতকড়াও পরানো হয়নি। অথচ রাজনৈতিক প্রতিহিংসার শিকার ব্যক্তিদের সঙ্গে নির্মম আচরণ করা হচ্ছে।
এ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, মেজর আখতারুজ্জামান নিজেই ডিবিকে বলেছিলেন, তাকে যেন হাতকড়া পরিয়ে সালাহউদ্দিন সাহেবের ইচ্ছা শতভাগ পূরণ করা হয়।
সরকারের দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধেও হুঁশিয়ারি দেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের করের টাকা ঘাটে ঘাটে চুরি ও লুটপাট হতে থাকলে সাধারণ মানুষ আর হাত গুটিয়ে বসে থাকবে না।
স্বাস্থ্যসেবার ভঙ্গুর পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, একটি দায়িত্বশীল মেডিকেল প্রতিষ্ঠানে সাধারণ নাগরিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করা না গেলে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের নৈতিক বৈধতাও প্রশ্নবিদ্ধ হয়।
চলমান ডেঙ্গু পরিস্থিতিকে ‘মহামারির সমতুল্য’ উল্লেখ করে জামায়াত আমির বলেন, ডেঙ্গুর বিস্তার রোধ ও মানুষের জীবন রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে জামায়াত মাঠপর্যায়ে সচেতনতামূলক কর্মসূচি শুরু করেছে।
সরকারের উদ্দেশে কড়া বার্তা দিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, নিষ্ক্রিয় হয়ে থাকলে ‘ধাক্কা দিয়ে সরকারের ঘুম ভাঙিয়ে দেওয়া হবে’। নাগরিকদের মৌলিক অধিকার ও শান্তি নিশ্চিত করতে ব্যর্থ হলে রাজপথে তীব্র আন্দোলনের মধ্য দিয়ে বিকল্প নেতৃত্ব সামনে আসবে বলেও সতর্ক করেন তিনি।
