×

আইন-বিচার

মুগ্ধসহ ১১ হত্যা

২৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হবে কি না, আদেশ আজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৮:৪৬ এএম

২৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হবে কি না, আদেশ আজ

ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৬ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হবে কি না, সে বিষয়ে আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এ আদেশ দেওয়ার কথা রয়েছে। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

মামলাটিতে ২৬ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে আটজন বর্তমানে কারাগারে রয়েছেন। তারা হলেন- ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার মির্জা সালাহউদ্দিন, উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মো. মজিবুর রহমান, আজমপুর পুলিশ ফাঁড়ির সাবেক কনস্টেবল মো. হোসেন আলী, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, যুবলীগ সভাপতি মো. দেলোয়ার হোসেন রুবেল, আওয়ামী লীগ নেতা মো. সোহেল রানা, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. শাহ আলম এবং তুরাগ থানা এলাকার আওয়ামী লীগ কর্মী মো. ইরফানুল হক গাজী।

আরও পড়ুন: শেখ হাসিনার ইস্যুতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর দিল্লি সফর

অন্য ১৮ আসামি পলাতক রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির উত্তরা বিভাগের সাবেক উপকমিশনার কাজী আশরাফুল আজীম, সাবেক অতিরিক্ত উপকমিশনার মো. তোহিদুল ইসলাম, সাবেক সহকারী কমিশনার সুমন কর, উত্তরা পশ্চিম থানার সাবেক ওসি বিএম ফরমান আলী এবং উত্তরা পূর্ব থানার সাবেক পুলিশ পরিদর্শক (অপারেশনস) মাহমুদুল হাসান।

এ ছাড়া পলাতক আসামিদের তালিকায় রয়েছেন উত্তরা পূর্ব থানার সাবেক কনস্টেবল মো. আবু ছায়েম, আওয়ামী লীগ নেতা মো. আলাউদ্দিন আল সোহেল, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, মো. ফরিদ আহমেদ, ডিএম. শামীম, মো. আনিছুর রহমান নাঈম, মো. আফছার উদ্দিন খান, উত্তরা পূর্ব থানার সাবেক এসআই খালেদ আনোয়ার, সাবেক এএসআই মো. রোকনুজ্জামান, উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগের সহসভাপতি মুরতাফা বিন ওমর এবং তুরাগ থানা আওয়ামী লীগের যুবলীগ নেতা জাকির হোসেন।

অভিযোগ গঠন চায় প্রসিকিউশন

গত ৩ আগস্ট মামলাটিতে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে প্রসিকিউশন ও আসামিপক্ষের শুনানি শেষ হয়। প্রসিকিউশন ২৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে আবেদন করে। অন্যদিকে আসামিদের আইনজীবীরা তাদের অব্যাহতি বা মামলা থেকে বাদ দেওয়ার আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদেশের জন্য ২০ আগস্ট দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

আরও পড়ুন: ফখরুল-অলি মুখোমুখি, সংসদে সংখ্যার লড়াইয়ে এগিয়ে কে

এর আগে ২১ জুলাই প্রসিকিউশনের শুনানিতে মামলার দুটি অভিযোগ তুলে ধরা হয়। সেসময় উত্তরায় আন্দোলন দমনের নামে গুলি চালানো এবং মুগ্ধসহ অন্যদের হত্যার ঘটনাগুলোর বিস্তারিত বিবরণ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়।

১৮ ও ১৯ জুলাইয়ের হত্যাকাণ্ড

প্রথম অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৮ জুলাই উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও আশপাশের এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এমবিএ শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ সাতজন নিহত হন বলে অভিযোগ প্রসিকিউশনের।

একই ঘটনায় উবারচালক মোখলেছুর রহমান ওরফে দুর্জয়কে পুলিশের সাঁজোয়া যান বা এপিসির চাকায় পিষ্ট করে হত্যার পর তার মরদেহ গুমের উদ্দেশ্যে তুরাগ নদীতে ফেলে দেওয়ার অভিযোগও আনা হয়েছে। এ ঘটনায় মেহেদী হাসানসহ আরও পাঁচজনকে হত্যার উদ্দেশ্যে গুলি করে গুরুতর আহত করার অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: তীব্র গ্যাস সংকটে থমকে যাচ্ছে অর্থনীতির চাকা

দ্বিতীয় অভিযোগে বলা হয়েছে, ১৯ জুলাই একই এলাকায় আন্দোলনকারীদের ওপর আবারও গুলি চালানো হয়। এতে রিদোয়ান শরীফ রিয়াদ জয় ও আরও তিনজন নিহত হন বলে অভিযোগ করা হয়েছে। এ ছাড়া রাইসুল রহমান রাতুলকে হত্যার উদ্দেশ্যে গুলি করে গুরুতর আহত করার অভিযোগও রয়েছে।

প্রসিকিউশনের দাবি, ১৮ ও ১৯ জুলাইয়ের এসব ঘটনা বিচ্ছিন্ন কোনো ঘটনা ছিল না; বরং পরিকল্পিতভাবে, ব্যাপক পরিসরে ও পদ্ধতিগতভাবে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অংশ হিসেবে এসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

আরও পড়ুন: ১২ ঘণ্টার প্যারোলে কারামুক্ত দীপু মনি

আজকের আদেশের মাধ্যমে নির্ধারিত হবে, মামলাটি ২৬ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর্যায়ে যাবে কি না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশের অন অ্যারাইভাল ভিসার আবেদন এখন অনলাইনে

বাংলাদেশের অন অ্যারাইভাল ভিসার আবেদন এখন অনলাইনে

৫ আমেরিকানসহ ও ইকুয়েডরের গোয়েন্দা প্রধান নিহত

কেনিয়ায় বিমান বিধ্বস্ত ৫ আমেরিকানসহ ও ইকুয়েডরের গোয়েন্দা প্রধান নিহত

বিশ্ববাজারে তেলের দামে স্থিতিশীলতা

বিশ্ববাজারে তেলের দামে স্থিতিশীলতা

মার্কিন নৌ অবরোধে ধৈর্যের বাঁধ ভাঙছে ইরানের

মার্কিন নৌ অবরোধে ধৈর্যের বাঁধ ভাঙছে ইরানের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App