নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৯:১২ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর কলাবাগানে নির্মাণাধীন ভবন থেকে পা পিছলে তিনি নিচে পড়ে মো. ইয়াছিন (৩৮) নামের এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন।
শুক্রবার (১৯ জুন) সকালে কলাবাগান থানার ভূতের গলি মসজিদ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াছিন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার চাঙ্গীরগাঁও গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে।
পুলিশ জানান, আজ সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে কলাবাগানের ভূতের গলি এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ছয়তলায় রাজমিস্ত্রির কাজ করছিলেন ইয়াছিন। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত তিনি নিচে পড়ে গিয়ে গুরুতর জখম হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক ইয়াছিনকে মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী ও ঘটনার প্রত্যক্ষদর্শী ছায়েদুল জানান, ‘ছয় তলায় কাজ করার সময় আকস্মিকভাবে ইয়াছিন নিচে পড়ে যান। গুরুতর অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে এলেও বাঁচানো যায়নি।’
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ জানান, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।’
