×

জাতীয়

চার জেলায় বন্যার আভাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৬:০৩ পিএম

চার জেলায় বন্যার আভাস

ছবি : সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের কারণে আগামী ৭২ ঘণ্টার মধ্যে চার জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সময়ে কয়েকটি জেলার নদ-নদীর পানি সতর্কসীমার কাছাকাছি পৌঁছাতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

শনিবার (২০ জুন) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী পাঁচদিন রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগসহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় অঞ্চলে ভারি থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দেশের প্রধান নদ-নদীগুলোর পানির উচ্চতা বাড়তে পারে।

গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি স্থিতিশীল থাকলেও আগামী পাঁচদিনে তা বৃদ্ধি পেয়ে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। একইভাবে আগামী তিনদিন গঙ্গা-পদ্মা নদীর পানি প্রায় স্থিতিশীল থাকতে পারে, তবে পরবর্তী দুইদিনে তা বাড়ার সম্ভাবনা রয়েছে।

বন্যা পূর্বাভাস কেন্দ্র জানায়, উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে এবং আগামী তিনদিনেও তা বাড়তে পারে। এতে সিলেট ও সুনামগঞ্জ জেলার নদীগুলোর পানি সতর্কসীমার কাছাকাছি পৌঁছাতে পারে। পাশাপাশি নদীসংলগ্ন নিচু এলাকা সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানিও বৃদ্ধি পেয়েছে। আগামী তিনদিনে এসব নদীর পানি আরও বাড়তে পারে। ফলে আগামী ৭২ ঘণ্টায় নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলার কিছু নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।

ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী, জিঞ্জিরাম ও কংস নদীর পানি কিছুটা কমলেও ভুগাই নদীর পানি বেড়েছে। আগামী তিনদিনে এসব নদীর পানি বাড়ার সম্ভাবনা রয়েছে। এতে নেত্রকোণা, ময়মনসিংহ ও শেরপুর জেলার নদীসংলগ্ন নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা বা প্লাবনের আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে সিলেট বিভাগের সারিগোয়াইন ও খোয়াই নদীর পানি বৃদ্ধি পেয়েছে। একই সময়ে যাদুকাটা, মনু ও ধলাই নদীর পানি কিছুটা কমেছে। তবে আগামী তিনদিনে এসব নদীর পানিও বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

চট্টগ্রাম বিভাগের মুহুরী ও সাঙ্গু নদীর পানি গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে। এছাড়া সেলোনিয়া, গোমতী, ফেনী, হালদা ও মাতামুহুরী নদীর পানির স্তর কিছুটা কমলেও আগামী কয়েকদিনে এসব নদীর পানি বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংবাদ প্রকাশকে কেন্দ্র করে গ্রেপ্তারের ঘটনায় সম্পাদক পরিষদের উদ্বেগ

সংবাদ প্রকাশকে কেন্দ্র করে গ্রেপ্তারের ঘটনায় সম্পাদক পরিষদের উদ্বেগ

এনআইডি পেতে প্রায় ৯০ হাজার প্রবাসীর আবেদন

এনআইডি পেতে প্রায় ৯০ হাজার প্রবাসীর আবেদন

বন্ধ কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো

বন্ধ কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো

জামায়াত গণতন্ত্রে বিশ্বাসী নয়

মির্জা ফখরুল জামায়াত গণতন্ত্রে বিশ্বাসী নয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App