সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১২:৩৯ এএম
ছবি : সংগৃহীত
সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১০টা ২৭ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ১০টা ২৭ মিনিটে তৌফিক নেওয়াজ মারা যান। দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। কোথায় ও কখন জানাজা এবং দাফন হবে, তা বুধবার দুপুরের পর সিদ্ধান্ত নেওয়া হবে।

তৌফিক নেওয়াজ পেশায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। পাশাপাশি তিনি ধ্রুপদি সংগীতের চর্চার সঙ্গেও যুক্ত ছিলেন।
আরও পড়ুন: ‘প্রধানমন্ত্রী আমার দুলাভাই, শালী হিসেবে অনেক দাবি আছে’
২০১৯ সালে স্ট্রোক করার পর থেকে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। চিকিৎসাসহ তাঁর দেখভালের দায়িত্বে থাকা আপেল খকশি জানান, দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায়ও ভুগছিলেন।
গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দী স্ত্রী দীপু মনির সঙ্গে দেখা করতে তাঁকে আদালতে নিয়ে গিয়েছিলেন স্বজনেরা।
এদিকে তৌফিক নেওয়াজের অসুস্থতার কথা উল্লেখ করে গত ২৭ মাসে দীপু মনিকে সাত দিনের জন্য প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন তাঁদের মেয়ে তানি দীপাবলী নেওয়াজ। মুন্সীগঞ্জ জেলা প্রশাসক বরাবর করা ওই আবেদনে তখন সাড়া মেলেনি।
আরও পড়ুন: অচেনা শহরে হঠাৎ পরিচিত ডাক
তৌফিক নেওয়াজের মৃত্যুর পর আবারও দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন করা হবে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী গাজী ফয়সাল ইসলাম। তিনি জানান, বুধবার সকালে মুন্সীগঞ্জের জেলা প্রশাসকের কাছে এ আবেদন করা হবে।
উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের সময়কার একাধিক মামলায় আসামি হয়ে বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি রয়েছেন দীপু মনি।
