×

জাতীয়

পে-স্কেলে নতুন সিদ্ধান্ত, বড় পরিবর্তনের আভাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পিএম

পে-স্কেলে নতুন সিদ্ধান্ত, বড় পরিবর্তনের আভাস

ছবি: ভোরের কাগজ গ্রাফিক্স

নবম জাতীয় পে-স্কেল ২০২৬ বাস্তবায়নের প্রক্রিয়ায় নতুন কিছু সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন বেতন কাঠামোর মূল প্রজ্ঞাপন জারির পাশাপাশি সরকারি চাকরিজীবীদের বিভিন্ন শ্রেণি ও প্রতিষ্ঠানের জন্য সাতটি পৃথক এসআরও জারি করা হবে। একই সঙ্গে অনলাইনভিত্তিক আইবাস প্লাস প্লাস ব্যবস্থার মাধ্যমে নতুন বেতন নির্ধারণের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পে-স্কেলের প্রজ্ঞাপনের খসড়া ইতোমধ্যে আইনগত যাচাইয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ভেটিং প্রক্রিয়া শেষ হওয়ার পরই প্রজ্ঞাপন প্রকাশের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এরপর পৃথক এসআরও জারিসহ বাস্তবায়নের অন্যান্য কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হবে।

জানা গেছে, বিভিন্ন শ্রেণির সরকারি চাকরিজীবীর বেতন কাঠামো বাস্তবায়নে সাতটি আলাদা বিধিবদ্ধ নিয়ন্ত্রক আদেশ বা এসআরও থাকবে। এসব আদেশে বেসামরিক প্রশাসন, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সশস্ত্র বাহিনী এবং বিচার বিভাগের জন্য পৃথক বিধান নির্ধারণ করা হবে।

অর্থাৎ মূল পে-স্কেল একটি সাধারণ প্রজ্ঞাপনের মাধ্যমে কার্যকর হলেও সংশ্লিষ্ট বাহিনী, বিভাগ ও প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় বিস্তারিত প্রয়োগবিধি আলাদা এসআরওতে উল্লেখ থাকবে।

অর্থ বিভাগের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, মূল প্রজ্ঞাপন প্রকাশের পরই বাস্তবায়ন কার্যক্রম আরও গতিশীল হবে। বিভিন্ন শ্রেণির কর্মকর্তা-কর্মচারীর ক্ষেত্রে বেতন কাঠামো প্রয়োগে প্রশাসনিক ও কারিগরি কিছু ভিন্নতা থাকায় সেগুলো বিবেচনায় নিয়ে পৃথক এসআরও তৈরির কাজ চলছে।

আরো পড়ুন: পে-স্কেলের গেজেট প্রকাশে দেরি, নেপথ্যে কী?

তিনি বলেন, সাতটি এসআরওর মাধ্যমে বিভিন্ন শ্রেণির চাকরিজীবীর ক্ষেত্রে নতুন বেতন কাঠামো কীভাবে কার্যকর হবে, তার বিস্তারিত নির্ধারণ করা হবে। পাশাপাশি আইবাস প্লাস প্লাসে প্রয়োজনীয় তথ্য হালনাগাদ এবং নতুন বেতন নির্ধারণের প্রযুক্তিগত প্রস্তুতিও চলছে।

নবম পে-স্কেল বাস্তবায়নে অন্যতম গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে বেতন নির্ধারণের পদ্ধতিতে। নতুন ব্যবস্থায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন পুনর্নির্ধারণ অনলাইনভিত্তিক আইবাস প্লাস প্লাসের মাধ্যমে করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ জন্য প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে অনলাইনে নিজের চাকরি-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য দিতে হবে। এর মধ্যে পদ, গ্রেড, বর্তমান মূল বেতন, চাকরিতে যোগদানের তারিখ, বার্ষিক ইনক্রিমেন্ট, পদোন্নতি, উচ্চতর গ্রেডসহ সংশ্লিষ্ট তথ্য অন্তর্ভুক্ত থাকবে।

তথ্য পূরণ ও যাচাইয়ের পর নতুন পে-স্কেলের নিয়ম অনুযায়ী সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট কর্মচারীর নতুন মূল বেতন ও প্রযোজ্য ভাতার হিসাব নির্ধারণ করতে পারবে। ফলে প্রত্যেকে নিজের তথ্যের ভিত্তিতে নতুন কাঠামোয় কত বেতন পাবেন, তা সহজেই জানতে পারবেন।

বর্তমানে আইবাস প্লাস প্লাস সরকারি আর্থিক ব্যবস্থাপনা, বাজেট, হিসাব, বেতন ও পেনশন ব্যবস্থাপনায় ব্যবহৃত হচ্ছে। অনলাইন বেতন বিল, জিপিএফ, ঋণ ও আয়কর হিসাবের পাশাপাশি ইএফটির মাধ্যমে বেতন ও পেনশন দেওয়ার সুবিধাও রয়েছে এ ব্যবস্থায়।

নতুন পে-স্কেলে গ্রেড, মূল বেতন, ভাতা, ইনক্রিমেন্ট, পদোন্নতি এবং বিভিন্ন শ্রেণির চাকরিজীবীর জন্য আলাদা বিধান থাকায় বিদ্যমান সফটওয়্যারকে নতুন কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার কাজ চলছে।

অর্থ বিভাগের পরিকল্পনা অনুযায়ী, কাগজে-কলমে হিসাব করে বেতন নির্ধারণের পরিবর্তে তথ্যনির্ভর ও স্বয়ংক্রিয় পদ্ধতিতে নতুন বেতন পুনর্নির্ধারণ করা হবে। এতে হিসাবরক্ষণ কার্যালয়ে গিয়ে বারবার বেতন নির্ধারণের প্রয়োজন কমার পাশাপাশি ভুল হিসাব, অতিরিক্ত অর্থ প্রদান কিংবা একই সুবিধা একাধিকবার পাওয়ার ঝুঁকিও কমবে।

আরো পড়ুন: একাদশে ভর্তির নতুন আবেদনের সুযোগ

নতুন পে-স্কেল কার্যকর করতে সাতটি পৃথক এসআরও জারির পরিকল্পনা করা হয়েছে। এগুলো হলো : সিভিল বা বেসামরিক প্রশাসনের সাধারণ বেসামরিক কর্মকর্তা-কর্মচারীদের জন্য। পুলিশ বিভাগ-পুলিশ সদস্যদের বেতন, ভাতা ও সংশ্লিষ্ট আর্থিক সুবিধা নির্ধারণ। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এই বাহিনীর কর্মকর্তা-কর্মচারীদের জন্য পৃথক বিধান। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ-সরকারি ব্যাংক ও সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য কাঠামো।

এর আগে গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় নবম জাতীয় পে-স্কেল অনুমোদন করা হয়। নতুন কাঠামোয় বিদ্যমান ২০টি গ্রেড বহাল রাখা হয়েছে। এতে ২০তম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। আর প্রথম গ্রেডে সর্বোচ্চ মূল বেতন হবে ১ লাখ ৫৬ হাজার টাকা।

সরকার জানিয়েছে, নতুন বেতন কাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে।

এদিকে সাবেক অর্থসচিব মাহবুব আহমেদ বলেন, ‘নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পাশাপাশি সরকারের আর্থিক ব্যবস্থাপনার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। সরকারের আর্থিক সক্ষমতা থাকলে এক ধাপেই নতুন কাঠামো বাস্তবায়ন করা সম্ভব হতো। তবে প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপে বাস্তবায়নের বিষয়টিও বাস্তবসম্মত হতে পারে।’

তিনি আরও বলেন, ‘সরকারি কর্মচারীদের বেতন-ভাতা বাড়ানোর পাশাপাশি সরকারের রাজস্ব আয় বাড়ানোর দিকেও গুরুত্ব দিতে হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে

মধ্যপ্রাচ্য সংকটের মধ্যেই ‘নয়াদিল্লি ঘোষণা’ গৃহীত

ব্রিকস সম্মেলন শুরু মধ্যপ্রাচ্য সংকটের মধ্যেই ‘নয়াদিল্লি ঘোষণা’ গৃহীত

শাহবাগ এলাকায় দু’জনের লাশ উদ্ধার

শাহবাগ এলাকায় দু’জনের লাশ উদ্ধার

পে-স্কেলে নতুন সিদ্ধান্ত, বড় পরিবর্তনের আভাস

পে-স্কেলে নতুন সিদ্ধান্ত, বড় পরিবর্তনের আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App