‘মক্কা-মদিনার ওপর হুমকি এলে বাংলাদেশ বসে থাকবে না’
কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৭:২২ পিএম
ফাইল ছবি
মক্কা-মদিনার ওপর কোনো হুমকি এলে বাংলাদেশ বসে থাকবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, এ ক্ষেত্রে সৌদি আরবের পাশে দাঁড়িয়ে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হবে।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর বিস মিলনায়তনে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস–বিস) ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে দিক নির্ণয়ের পথরেখা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে।
সেমিনার শেষে এক সাংবাদিক জানতে চান, বাংলাদেশ মক্কা প্যাক্টে যোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে কি না এবং সৌদি আরবের প্রয়োজন হলে দেশটিতে সৈন্য পাঠানো হবে কি না।
জবাবে শামা ওবায়েদ বলেন, ‘আমরা মক্কা প্যাক্টে এখনো যোগ দিইনি। আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত কার্যকর হলেই বলা যাবে যে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা এখনো মক্কা প্যাক্টে যোগ দিইনি। তাই সেখানে সৈন্য পাঠানোর প্রশ্ন এই মুহূর্তে উঠছে না।’
প্রতিমন্ত্রী আরও বলেন, সৌদি আরবে চলমান ঘটনায় দেশটির সরকার ও জনগণের প্রতি বাংলাদেশ সংহতি প্রকাশ করেছে। বাংলাদেশ এ পরিস্থিতির অবিলম্বে অবসান চায়। এ বিষয়ে প্রধানমন্ত্রী সৌদি আরবের ক্রাউন প্রিন্সকে চিঠিও দিয়েছেন।
আরও পড়ুন: তাজমিনের সোয়াব-পোশাক পাঠানো হচ্ছে সিআইডির ফরেনসিকে
তিনি বলেন, ‘আমরা এটা অবিলম্বে বন্ধ চাই। সৌদি আরবের মানুষের পাশে আমরা আছি, সরকারের পাশেও আমরা আছি।’
মক্কা-মদিনার নিরাপত্তা হুমকির মুখে পড়লে বাংলাদেশ সহায়তা করবে কি না, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মক্কা-মদিনার সঙ্গে মুসলিম বিশ্বের মানুষের আবেগ ও সংহতির বিষয়টি জড়িত। তাই এ দুই পবিত্র নগরীর ওপর কোনো হুমকি এলে বাংলাদেশ নীরব থাকবে না।
শামা ওবায়েদ বলেন, ‘আমরা যারা মুসলমান, সারা বিশ্বে আমাদের মধ্যে যে সংহতি রয়েছে, মক্কা-মদিনার ব্যাপারে শুধু কূটনীতি নয়, আমাদের আবেগও কাজ করে। সেই জায়গা থেকে মক্কা-মদিনার ওপর এ ধরনের কোনো হুমকি এলে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশ বসে থাকবে না। অবশ্যই তাদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেব।’
উল্লেখ্য, ইয়েমেনের হুতি গোষ্ঠীর সঙ্গে কয়েক বছর ধরে সংঘাতে জড়িত সৌদি আরব। মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যে সৌদি আরব ও হুতিদের মধ্যকার সংঘাত আরও জোরালো হয়েছে।
এর মধ্যে গত শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুই বাংলাদেশিসহ অন্তত ১৪ জন নিহত হন। এরপর গতকাল আবারও ওই বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। এতে একজন নিহত হন।
