প্রতিমন্ত্রী ইশরাক
দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে ছাড় নয়
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পিএম
ছবি: সংগৃহীত
দলের রাজনৈতিক পরিচয় বা পদ ব্যবহার করে কেউ কোনো ধরনের অপরাধ বা অপকর্মে জড়ালে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর রায়সাহেব বাজারে রায়সাহেব বাজার পঞ্চায়েত কমিটির আয়োজনে এসএসসি পরীক্ষা-২০২৬-এর কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, সাধারণত রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা দলের পরিচয়ই বিভিন্ন মহলের অপকর্মে ব্যবহারের প্রবণতা দেখা যায়। বিএনপির রাজনৈতিক আদর্শ ও নীতি থেকে বিচ্যুত হয়ে কেউ এমন অপচেষ্টা করলে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
এ সময় বর্তমান সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, “গতকাল এ বিষয়ে প্রধানমন্ত্রী ‘জিরো টলারেন্স’ কী, তা দ্রুত ২৪ ঘণ্টার মধ্যে দেখিয়ে দিয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং একজন সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দেওয়া হলে তিনি তা মেনে পদত্যাগ করেছেন।”
আরও পড়ুন: গ্রেপ্তারের আগে ভিডিও বার্তায় যা বললেন আখতারুজ্জামান
দলের নাম ব্যবহার করে যারা অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত হচ্ছেন, অবিলম্বে তাদের তালিকা প্রস্তুত করার জন্যও নেতাকর্মীদের নির্দেশ দেন প্রতিমন্ত্রী। তবে ঢাকা-৬ এলাকার বিএনপি ও এর অঙ্গসংগঠনের সৎ ও নিষ্ঠাবান নেতাকর্মীদের ওপর নিজের পূর্ণ আস্থা রয়েছে বলেও জানান তিনি। এছাড়া সরকারের বিরুদ্ধে চলমান বিভিন্ন অপপ্রচার ও ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এলাকার বিভিন্ন সমস্যা ও সমাধানের বিষয়ে ইশরাক হোসেন বলেন, অতীতে গ্যাস ও বিদ্যুতের কিছুটা সংকট থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। আগামী কয়েক বছরের মধ্যে লোডশেডিং বা জ্বালানির ঘাটতি দূর করতে এবং পর্যাপ্ত মজুত নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। এলাকার যেকোনো ছোট-বড় সমস্যা দ্রুত তাকে জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, জনস্বার্থে প্রতিটি সমস্যার দ্রুত সমাধান করা হবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য শুভকামনা জানান প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে রায়সাহেব বাজার পঞ্চায়েত কমিটি এবং স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
