বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১২:১৪ পিএম
ছবি: সংগৃহীত
বগুড়ার ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে (ঢাকা-বগুড়া মহাসড়কে) দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরো তিন জন।
রোববার (৯ আগস্ট) সকাল ৮টার দিকে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
আরো পড়ুন: সিলেটে হামে ৩ জনের মৃত্যু, আক্রান্ত আরো ১৮
বিষয়টি নিশ্চিত করেছেন কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, রোববার সকাল আনুমানিক ৮টার দিকে বগুড়া শহরের ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সমানের ফ্লাইওভারে একটি ঢাকাগামী ট্রাক বিকল হয়ে থেমে ছিল। এ সময় ঢাকা অভিমুখে আসা অন্য একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে থেমে থাকা যানটির পেছনে প্রচণ্ড শক্তিতে ধাক্কা দেয়। এতে ধাক্কা দেওয়া ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজন মারা যান। দুর্ঘটনায় আরও অন্তত দুজন গুরুতর আহত হন।
পরে আহতদের তৎক্ষণাৎ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরবর্তীতে আরও একজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর বিকল ও ক্ষতিগ্রস্ত ট্রাক দুটি মহাসড়কের ওপর পড়ে থাকায় উভয় লেনে মারাত্মক যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং যানবাহন চলাচল স্বাভাবিক করতে ফায়ার সার্ভিস ও পুলিশের দল দ্রুত ট্রাক দুটি সরিয়ে নেওয়ার কাজ শুরু করে।
হাইওয়ে পুলিশ কুন্দারহাট থানার ওসি হাফিজুর রহমান বলেন, ‘ফ্লাইওভারে যান চলাচল বন্ধ রয়েছে। যানবাহনগুলো সার্ভিস লেন দিয়ে চলাচল করছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। হতাহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।’
