তাসনিম জারা
রাতে ওনারা পাশাপাশি বসেন, মাঝখানে চোখ হারায় কর্মীরা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৫:৩৪ পিএম
ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা বলেছেন, জাতীয় পর্যায়ের রাজনৈতিক নেতাদের মধ্যে যে সৌজন্য ও পারস্পরিক বোঝাপড়া দেখা যায়, তার প্রতিফলন তৃণমূল রাজনীতিতে খুব কমই দেখা যায়। তার দাবি, এই ব্যবধানের কারণেই মাঠপর্যায়ের কর্মীরা রাজনৈতিক সহিংসতার শিকার হচ্ছেন।
বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
পোস্টে তাসনিম জারা উল্লেখ করেন, একই দিনে তিনি দুটি ভিন্ন রাজনৈতিক দৃশ্য দেখেছেন। একটিতে প্রধানমন্ত্রী তারেক রহমান অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সম্মান জানিয়ে নিজের পাশে বসিয়েছেন। অন্যদিকে আরেকটি অনুষ্ঠানে সৃষ্ট উত্তেজনার সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এনসিপির সদস্যসচিব আখতার হোসেনকে মঞ্চে ডেকে পরিস্থিতি শান্ত করার আহ্বান জানান। তার ভাষ্য অনুযায়ী, এ দুটি ঘটনাই জাতীয় পর্যায়ের রাজনৈতিক সৌজন্যের একটি চিত্র তুলে ধরে।
এরপর তিনি হবিগঞ্জে আহত এনসিপি কর্মী আলিফ চৌধুরীর প্রসঙ্গ টেনে আনেন। তাসনিম জারা লেখেন, রাজনৈতিক সংঘর্ষে আহত ১৮ বছর বয়সী আলিফ তার বাঁ চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, কেন্দ্রীয় পর্যায়ের রাজনৈতিক বোঝাপড়া যদি তৃণমূলেও পৌঁছাত, তাহলে হয়তো এমন ঘটনার পুনরাবৃত্তি এড়ানো সম্ভব হতো।
উল্লেখ্য, গত ২৮ জুলাই হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শেষে ফেরার পথে হামলার শিকার হন দলটির কর্মী ও জাতীয় ছাত্রশক্তির সংগঠক আলিফ চৌধুরী। এনসিপির অভিযোগ, ওই হামলায় ছাত্রদলের নেতাকর্মীরা জড়িত ছিলেন। হামলার সময় লোহার রডের আঘাতে আলিফের বাঁ চোখের দৃষ্টিশক্তি সম্পূর্ণ নষ্ট হয়ে যায় বলে দলটির দাবি।
ফেসবুক পোস্টে তাসনিম জারা আরও লেখেন, রাজনৈতিক নেতাদের মধ্যে আলোচনার পরিবেশ থাকলেও মাঠপর্যায়ে তার পরিবর্তে ঘৃণা, হুমকি ও সংঘাতের সংস্কৃতি ছড়িয়ে পড়ে। এসব বক্তব্যের ফলেই তৃণমূলে সহিংসতা বাড়ে এবং সাধারণ কর্মীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন।
পোস্টের শেষাংশে তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, জাতীয় পর্যায়ে যে পারস্পরিক সৌজন্য ও সংলাপের পরিবেশ তৈরি হয়, তা তৃণমূল পর্যন্ত পৌঁছে দেওয়া প্রয়োজন। তার মতে, এতে ভবিষ্যতে রাজনৈতিক সহিংসতা কমানো এবং আর কোনো কর্মীকে এমন ক্ষতির মুখে পড়া থেকে রক্ষা করা সম্ভব হতে পারে।
