আমার লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, অন্যায়ের বিরুদ্ধে: নাসীরুদ্দীন পাটওয়ারী
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পিএম
ছবি : সংগৃহীত
সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব ও অন্যায়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, তার এই লড়াই কোনো নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে নয়; বরং অন্যায়ের বিরুদ্ধে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী এসব কথা তুলে ধরেন।
পোস্টে তিনি জানান, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব ও অন্যায়ের বিরুদ্ধে তার অবস্থান নতুন নয়। দীর্ঘ সময় ধরে অনেক ক্ষেত্রে প্রায় একাই এই লড়াই চালিয়ে যেতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় বিভিন্ন হামলা, অপমান, লাঞ্ছনা, বঞ্চনা, কুরুচিপূর্ণ গালাগালি ও মিথ্যা অপবাদের শিকার হওয়ার কথা তুলে ধরেন নাসীরুদ্দীন। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে বিভিন্ন স্থানে হামলার মুখে পড়ার পাশাপাশি বারবার ‘প্রমাণ কোথায়’ -এমন প্রশ্নেরও মুখোমুখি হয়েছেন বলে জানান তিনি।
মিডিয়ার সামনে বক্তব্য দেওয়ার পর আক্রমণের শিকার হওয়া এবং তাকে লক্ষ্য করে একের পর এক মিছিল ও নানা ধরনের অপপ্রচার চালানোর কথাও পোস্টে উল্লেখ করেন এনসিপির এই নেতা।
তবে এসব কারণে তিনি দমে যাননি উল্লেখ করে নাসীরুদ্দীন বলেন, তার লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, অন্যায়ের বিরুদ্ধে। ভয়কে জয় করা এবং এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করাই তার লক্ষ্য, যেখানে ক্ষমতার চেয়ে জনগণের অধিকারকে বেশি গুরুত্ব দেওয়া হবে।
সত্যকে মিথ্যার আড়ালে চাপা দেওয়ার চেষ্টা হলে আল্লাহর কাছে প্রার্থনা করেন বলেও জানান তিনি। সত্যকে প্রকাশ করা, মিথ্যাকে দূর করা এবং জুলুমের অবসান ঘটানোর পাশাপাশি সত্যের পথে অটল থাকার শক্তি চেয়ে দোয়া করেন নাসীরুদ্দীন।
তিনি বলেন, সময় ও ইতিহাস শেষ পর্যন্ত সত্যের সাক্ষ্য দেয়। সাময়িকভাবে সত্যকে আড়াল করা গেলেও তা চিরদিন চাপা রাখা সম্ভব নয়। একইভাবে অন্যায়ও ক্ষমতার আশ্রয়ে কিছু সময় টিকে থাকতে পারে, কিন্তু তা স্থায়ী হয় না।
নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে প্রতিশোধের পরিবর্তে ন্যায়বিচারের ওপর গুরুত্ব দেন নাসীরুদ্দীন। কাউকে হেয় করা তার উদ্দেশ্য নয় উল্লেখ করে তিনি বলেন, তিনি মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করতে চান।
নিজের শক্তির উৎস হিসেবে কোনো পদ, ক্ষমতা বা জাঁকজমককে দেখেন না বলেও জানান তিনি। তার ভাষায়, মানুষের আস্থা, সত্যের প্রতি বিশ্বাস এবং আল্লাহর ওপর ভরসাই তার সবচেয়ে বড় শক্তি।
অন্যায়ের বিরুদ্ধে যারা বিভিন্ন সময়ে দাঁড়িয়েছেন, তাদেরও এই লড়াইয়ের অংশ হিসেবে উল্লেখ করেন নাসীরুদ্দীন। অপমান ও নানা প্রতিকূলতা সহ্য করেও যারা অন্যায়ের কাছে মাথা নত করেননি, তাদের সবার লড়াই এটি বলে মন্তব্য করেন তিনি।
পোস্টের শেষাংশে সত্যের পথে চলা কঠিন হলেও শেষ পর্যন্ত সত্যের কাছেই ফিরে আসতে হয় বলে উল্লেখ করেন নাসীরুদ্দীন। সত্য প্রতিষ্ঠা, মিথ্যার পরাজয় এবং জুলুমের অবসানের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন তিনি।
