সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০১:২২ পিএম
ছবি: সংগৃহীত
সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের ছাতক উপজেলার জাউয়াবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বোকা নদীর সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে একটি খালি ডাম্প ট্রাক।
রোববার (৯ আগস্ট) ভোরে এ দুর্ঘটনা ঘটে। তবে সেতুতে পর্যাপ্ত জায়গা থাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ভোরে খালি ডাম্প ট্রাকটি সুনামগঞ্জ থেকে সিলেটের দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি বিকট শব্দে সেতুর বাঁ পাশ থেকে ডান পাশে চলে যায় এবং রেলিং ভেঙে ফেলে। এতে ট্রাকটির অর্ধেক অংশ সেতুর বাইরে ঝুলে যায় এবং বাকি অংশ সেতুর ওপরের স্থায়ী কাঠামোর সঙ্গে আটকে থাকে। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে যান।
আরও পড়ুন: বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের
জাউয়াবাজারের কাছের লক্ষণসোম গ্রামের বাসিন্দা দ্বীন মোহাম্মদ সাদিক বলেন, সকালে বাজারে এসে তিনি সেতুর ওপর ডাম্প ট্রাকটিকে বিপজ্জনক অবস্থায় ঝুলতে দেখেন। ট্রাকটি খালি থাকায় এটি সেতুর কাঠামোর সঙ্গে আটকে আছে। বোঝাই অবস্থায় দুর্ঘটনাটি ঘটলে ট্রাকটি সরাসরি নদীতে পড়ে যেতে পারত বলেও মন্তব্য করেন তিনি।
জয়কলস হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোতালেব জানান, খবর পেয়ে ভোরেই পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনার পর থেকে ট্রাকের চালক পলাতক রয়েছেন। তবে সেতুতে পর্যাপ্ত ফাঁকা জায়গা থাকায় যান চলাচলে কোনো বিঘ্ন ঘটছে না।
তিনি আরও জানান, সেতুতে ঝুলে থাকা ট্রাকটি উদ্ধারের জন্য ক্রেন আনার ব্যবস্থা করা হচ্ছে।
