১২ ফুট অজগর উদ্ধার, টিলাগড়ের বনে অবমুক্ত
সিলেট প্রতিনিধি
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পিএম
ছবি: ভোরের কাগজ
সিলেটে রাস্তা পার হওয়ার চেষ্টাকালে প্রায় ১২ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। পরে বন বিভাগের সঙ্গে সমন্বয় করে অজগরটিকে টিলাগড় ইকোপার্কের গভীর বনে অবমুক্ত করেছে বন্যপ্রাণী সংরক্ষণবিষয়ক সংগঠন প্রাধিকারের উদ্ধারকারী দল।
শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে অজগরটিকে অবমুক্ত করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর সিলেটের যুব উন্নয়ন কেন্দ্রের পাশের ঝোপঝাড়ে অজগরটিকে দেখতে পান স্থানীয়রা। এ সময় সাপটি রাস্তা পার হওয়ার চেষ্টা করছিল। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) প্রাণিকল্যাণ ও বন্যপ্রাণী সংরক্ষণবিষয়ক সংগঠন প্রাধিকারের জরুরি উদ্ধারকারী দল।
আরও পড়ুন: হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
দলটি অজগরটিকে নিরাপদে উদ্ধার করে। প্রাধিকারের সদস্য বাদশা ফাহাদ জানান, অজগরটি প্রায় ১২ ফুট লম্বা এবং সম্পূর্ণ সুস্থ। পরে বন বিভাগের সঙ্গে সমন্বয় করে সেটিকে টিলাগড় ইকোপার্কের গভীর বনে অবমুক্ত করা হয়।
অজগর বা অন্য কোনো বন্যপ্রাণী দেখতে পেলে আতঙ্কিত না হয়ে সেগুলোকে বিরক্ত করা কিংবা ধরার চেষ্টা না করে বন বিভাগ বা প্রাধিকারের সঙ্গে যোগাযোগের আহ্বান জানিয়েছেন বাদশা ফাহাদ।
