সাগরে ইঞ্জিন বিকল, পাচঁ দিন ধরে ভাসছেন ১৮ জেলে
এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পিএম
ছবি: সংগৃহীত
ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের হানিফ মাঝির মালিকানাধীন একটি মাছ ধরার নৌকার ইঞ্জিন বিকল হয়ে গত পাঁচ দিন ধরে গভীর সাগরে ভাসছেন ১৮ জেলে। উত্তাল সাগরের কারণে কাছাকাছি থাকা অন্য মাছ ধরার ট্রলারগুলোও তাদের কাছে যেতে পারছে না বলে জানিয়েছেন স্বজনরা।
জানা গেছে, গত শনিবার রাতে চরফ্যাশন মৎস্যঘাট থেকে ১৮ জেলেকে নিয়ে গভীর সাগরে মাছ ধরতে যায় নৌকাটি। ওই রাতেই উত্তাল আবহাওয়ার মধ্যে নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর থেকে রাঙ্গাবালী উপজেলার সোনারচর-সংলগ্ন সাগর মোহনা থেকে প্রায় ১০০ কিলোমিটার পূর্ব-দক্ষিণে গভীর সাগরে নৌকাটি ভাসছে।
হানিফ মাঝির ছেলে মেহেদী হাসান বলেন, ‘মঙ্গলবার রাত ১০টার দিকে তার বাবার সঙ্গে সর্বশেষ কথা হয়েছে। তখন হানিফ মাঝি জানিয়েছেন, সাগর প্রচণ্ড উত্তাল থাকায় কোনো ট্রলার তাদের নৌকার কাছে আসতে পারছে না। কয়েকটি ট্রলারের জেলেদের হাতের ইশারায় সহায়তা চাওয়া হলেও বড় ঢেউয়ের কারণে তারা এগিয়ে আসতে পারেননি।’
মেহেদী আরো বলেন, ‘ইঞ্জিন বিকল হয়ে নৌকাটি নিয়ন্ত্রণহীনভাবে ভাসছে। এ অবস্থায় জেলেরা আতঙ্কের মধ্যে রয়েছেন। তাদের উদ্ধারে স্বজন ও সহকর্মীদের পাশাপাশি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেও সহায়তা চাওয়া হয়েছে বলে জানান তিনি।’
আরো পড়ুন: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার
এদিকে বিষয়টি চরফ্যাশন উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশকে জানানো হয়েছে। তবে ঘটনাস্থলটি উপকূল থেকে অনেক দূরে এবং সাগর উত্তাল থাকায় উপযুক্ত নৌযান, জনবল ও উদ্ধার সরঞ্জামের সংকটের কারণে তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালানো সম্ভব হচ্ছে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
চরফ্যাশন দক্ষিণ জোনের চর মানিকা কোস্টগার্ডের আওতাধীন এলাকা না হওয়ায় বিষয়টি রাঙ্গাবালী এলাকার কোস্টগার্ডকে জানানো হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
রাঙ্গাবালী কোস্টগার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, ‘ঘটনাস্থল সোনারচর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে গভীর সাগরে। সেখানে যাওয়ার মতো উপযুক্ত নৌযান, প্রয়োজনীয় জনবল ও উদ্ধার সরঞ্জাম তাঁদের কাছে নেই।’
নৌ পুলিশের ইনচার্জ জায়েদুর রহমান বলেন, ‘ঘটনা জানার পর সাগরে অবস্থানরত অন্যান্য জেলে ও ট্রলারগুলোর মাধ্যমে আটকে পড়া জেলেদের উদ্ধারে সহযোগিতা চেয়ে খবর দেওয়া হয়েছে। উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।’
চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, ‘বিষয়টি ভোলা দক্ষিণ জোন কোস্টগার্ডকে জানানো হয়েছে। পাশাপাশি রাঙ্গাবালী উপজেলা কোস্টগার্ড, নৌ পুলিশ ও মৎস্য বিভাগের সহায়তায় উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। শিগগিরই জেলেদের নিরাপদে উপকূলে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।’
