নোরা ফাতেহি
শরীর-চরিত্র নিয়ে কথা বলছে অনেকে, ভয় পাওয়ার পাত্রী নই
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৩:৪৯ পিএম
ফাইল ছবি
কন্নড় ভাষার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কেডি: দ্য ডেভিল’-এর গান ‘সারকে চুনার তেরি সারকে’ ঘিরে বিতর্ক থামছেই না। অশালীন লিরিকস, আপত্তিকর দৃশ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিকৃত ছবি তৈরির অভিযোগে গানটির নির্মাতারা সমালোচনার মুখে পড়েছেন। এরই মধ্যে বিতর্ক নিয়ে মুখ খুলে নিজের অবস্থান স্পষ্ট করেছেন নোরা ফাতেহি। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে কটূক্তি করা ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটরদেরও কড়া জবাব দিয়েছেন অভিনেত্রী।
সম্প্রতি এক পডকাস্টে নোরা অভিযোগ করেন, গানটিকে কেন্দ্র করে একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার শরীর ও চরিত্র নিয়ে মন্তব্য করছে। এসব মন্তব্যের পেছনে কারা রয়েছে, তা তিনি জানেন বলেও দাবি করেন অভিনেত্রী।

আরও পড়ুন: অন্তঃসত্ত্বা হওয়ার পর সহ-অভিনেতা ও পরিচালককে নিয়ে যা বলেছিলেন কিয়ারা
নোরা বলেছেন, ‘আপনাদের কে ভাড়া করেছে, কখন করেছে আর কত টাকা দিয়েছে— তার সব হিসাব আমার জানা আছে। নারীবাদকে ঢাল বানিয়ে আমার শরীর ও চরিত্র নিয়ে কথা বলার এই সুযোগটি অনেকেই সুচতুরভাবে কাজে লাগিয়েছে। কিন্তু আমি ভয় পাওয়ার পাত্রী নই।’
গানটি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করতে গিয়ে নোরা জানান, প্রায় তিন বছর আগে কন্নড় ভাষায় গানটির শুটিং হয়েছিল। তার অনুমতি ছাড়াই সেটিকে পরবর্তীতে হিন্দিতে রূপান্তর করা হয় বলে দাবি করেন তিনি। আরও অভিযোগ, লিরিক্যাল ভিডিওতে তার এবং সঞ্জয় দত্তের এআই দিয়ে তৈরি বিকৃত ছবি ব্যবহার করা হয়েছিল। বিষয়টি জানার পরই তিনি আপত্তি জানান এবং পরবর্তীতে হিন্দি সংস্করণ থেকে নিজেকে সরিয়ে নেন।

এদিকে গানটির অশালীন ও যৌন ইঙ্গিতপূর্ণ কথা এবং দৃশ্যায়ন নিয়ে দিল্লি পুলিশের সাইবার সেলে একটি ফৌজদারি অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগে বলা হয়েছে, অপ্রাপ্তবয়স্কদের জন্যও সহজলভ্য এমন কনটেন্ট ভারতীয় ন্যায় সংহিতা, পকসো আইন এবং তথ্যপ্রযুক্তি আইনের আওতায় অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। গায়িকা মংলি, গীতিকার রকীব আলম, সুরকার অর্জুন জনিয়া এবং পরিচালক প্রেমের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে।
আরও পড়ুন: ‘অন্তর্বাসের মতো পোশাক’, রাখিবন্ধনের বিজ্ঞাপনে কৃতিকে নিয়ে বিতর্ক
দর্শকদের তীব্র প্রতিক্রিয়া ও নোরার আপত্তির পর গানটি ইউটিউব থেকে সরিয়ে নিয়েছে নির্মাতারা। এ ঘটনায় দর্শকদের ধন্যবাদ জানিয়ে নোরা বলেন, শিল্পীদের হাতে সবসময় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে না। তবে দর্শকদের চাপের কারণেই নির্মাতারা গানটি সরাতে বাধ্য হয়েছেন। তার মতে, এ ধরনের আপত্তিকর কনটেন্ট তৈরির দায় প্রযোজক ও পরিচালকদেরই নিতে হবে।

১৯৭০-এর দশকের আন্ডারওয়ার্ল্ডের গল্পকে কেন্দ্র করে নির্মিত ‘কেডি: দ্য ডেভিল’ সিনেমায় অভিনয় করেছেন ধ্রুব সর্জা, সঞ্জয় দত্ত, শিল্পা শেঠি ও রেশমা নানাথ।
