প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় অনুষ্ঠানে আমন্ত্রণ পেতাম না: শ্রিয়া
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৩:০২ পিএম
ছবি: সংগৃহীত
২০০৭ সালে মুক্তি পেয়েছিল মোহিত সূরী পরিচালিত ইমরান হাশমী, শ্রিয়া সরন ও মৃণালিনী শর্মা অভিনীত ‘আওয়ারাপন’। মুক্তির সময় বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য না পেলেও পরবর্তী সময়ে দর্শকের মধ্যে ছবিটি আলাদা জনপ্রিয়তা অর্জন করে। প্রায় দুই দশক পর আসছে ছবিটির সিক্যুয়েল ‘আওয়ারাপন ২’। এরই মধ্যে প্রথম ছবিটির প্রাথমিক ব্যর্থতা এবং পরবর্তী সময়ে পাওয়া ভালোবাসা নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী শ্রিয়া সরন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রিয়া জানান, ‘আওয়ারাপন’ নিয়ে তাঁদের প্রত্যাশা ছিল অনেক। কিন্তু মুক্তির পর বক্স অফিসের ফলাফল তাঁদের হতাশ করেছিল। তাঁর মতে, ছবিটি হয়তো সময়ের তুলনায় অনেকটাই এগিয়ে ছিল।

শ্রিয়া বলেন, মুক্তির সময় ছবিটি নিয়ে পুরো টিমেরই অনেক আশা ছিল। কিন্তু প্রত্যাশা অনুযায়ী সাফল্য না আসায় তিনি হতাশ হয়ে পড়েন। শুধু তা-ই নয়, কয়েকটি পুরস্কারের জন্য ‘আওয়ারাপন’ মনোনীত হলেও সেসব অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি বলেও জানান অভিনেত্রী।
আরও পড়ুন: মৌনির সঙ্গে নাম জড়াতেই মুখ খুললেন অর্জুন বিজলানি
ছবিটি নিয়ে দর্শকের ভালোবাসা পাবেন বলে শুরু থেকেই আশাবাদী ছিলেন শ্রিয়া। তাঁর ধারণা ছিল, দর্শক ছবিটিকে উদ্যাপন করবেন। কিন্তু মুক্তির পর সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় মানসিকভাবে বেশ ভেঙে পড়েছিলেন তিনি।
তবে সময়ের সঙ্গে ‘আওয়ারাপন’-এর প্রতি দর্শকের ভালোবাসা তাঁকে নতুন করে ছবিটিকে মূল্যায়ন করতে বাধ্য করে। বছরের পর বছর বিভিন্ন মানুষ তাঁর সঙ্গে দেখা করে ছবিটির কথা বলেছেন এবং জানিয়েছেন, এটি তাঁদের কতটা পছন্দের।
শুরুতে শ্রিয়ার ধারণা ছিল, ছবির জনপ্রিয় গান এবং ইমরান হাশমীর অভিনয়ের কারণেই দর্শক ‘আওয়ারাপন’কে এতটা ভালোবেসেছেন। কিন্তু সময়ের সঙ্গে তাঁর সেই ধারণা বদলে যায়। এখন তাঁর মনে হয়, ছবিটির মূল গল্পই দর্শকের হৃদয় ছুঁয়েছিল।

আরও পড়ুন: আমাকে খারাপ মানুষ ভাবার ৯০ শতাংশই তাদের কল্পনা: প্রভা
অভিনেত্রীর কথায়, ছবিটির গল্প ছিল গভীর এবং দর্শক সেটিকে অনুভব করতে পেরেছিলেন। মুক্তির এত বছর পরও মানুষ ছবিটি নিয়ে যে ভালোবাসা প্রকাশ করেন, সেটিই প্রমাণ করে ‘আওয়ারাপন’-এর গল্প দর্শকের মনে স্থায়ী জায়গা করে নিয়েছে।
রোম্যান্টিক অ্যাকশন-ড্রামা ঘরানার ‘আওয়ারাপন’-এর গানও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। ‘তো ফির আও’, ‘তেরা মেরা রিশতা’ ও ‘মাহিয়া’র মতো গান এখনো শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়।
এবার সেই ছবির আবহ ও চরিত্রকে ঘিরে নতুন গল্প নিয়ে পর্দায় ফিরছে ‘আওয়ারাপন ২’। নিতিন কক্কড় পরিচালিত ছবিটিতে আবারও দেখা যাবে ইমরান হাশমীকে। তাঁর সঙ্গে অভিনয় করেছেন দিশা পাটনী ও শবানা আজ়মী। আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছবিটির।
সূত্র: আনন্দবাজার।
