‘খুন’ নিয়ে গান পোস্ট, দুই ঘণ্টার মধ্যেই গায়ককে গুলি করে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৬:৩০ পিএম
ছবি: সংগৃহীত
মৃত্যুর মাত্র দুই ঘণ্টা আগে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছিলেন হরিয়ানভি ভাষার গায়ক ও ইউটিউবার অঙ্কিত বালিয়ান। গাড়িতে বসে সেই ভিডিওতে তাঁকে একটি গান গাইতে দেখা যায়। গানের কথায় ছিল—‘মার্ডার মার দে সড়ক কে ওপর’, যার অর্থ ‘রাস্তায় হত্যা করো’। ভিডিওটি পোস্টের পর উত্তর প্রদেশের শামলিতে জিম থেকে বের হওয়ার সময় প্রকাশ্য রাস্তায় গুলিতে নিহত হন তিনি। ফলে অঙ্কিতের শেষ ইনস্টাগ্রাম পোস্টটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ভারতের উত্তর প্রদেশের শামলিতে বুধবার সন্ধ্যায় ভয়াবহ এ হত্যাকাণ্ড ঘটে। জিম থেকে বের হয়ে নিজের গাড়ির দিকে যাওয়ার সময় অঙ্কিত বালিয়ানকে লক্ষ্য করে একদল অস্ত্রধারী গুলি চালায়। ঘটনাটির সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, ৩৫ বছর বয়সী অঙ্কিত বুধবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে শামলির একটি জিম থেকে বের হন। তখন তাঁর হাতে ছিল জিমের কিট ব্যাগ। জিম থেকে বেরিয়ে নিজের গাড়ির দিকে এগিয়ে যাওয়ার সময় কয়েকজন অস্ত্রধারী তাঁকে অনুসরণ করতে শুরু করে।
আরও পড়ুন: দায়িত্বরত পুলিশকে চড় মারলো নেতার মেয়ে, অতঃপর...
সিসিটিভি ফুটেজে দেখা যায়, অঙ্কিত গাড়ির কাছে পৌঁছানোর আগেই হামলাকারীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। প্রায় ২৫ সেকেন্ড ধরে একের পর এক গুলি ছোড়া হয়। এ সময় হামলাকারীদের অন্তত একজনের হাতে আগ্নেয়াস্ত্র দেখা যায়।

হঠাৎ গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথচারী ও স্থানীয় দোকানিরা দ্রুত নিরাপদ জায়গায় সরে যান। কেউ কেউ দোকানের ভেতর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণের চেষ্টা করলেও গুলির শব্দ অব্যাহত থাকায় তাঁরাও আড়ালে চলে যান।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলাকারীরা মোট ১৬টি গুলি ছুড়েছে। এর মধ্যে কয়েকটি গুলি আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে শূন্যে ছোড়া হয়েছিল বলে ধারণা করছে পুলিশ। হামলার পর ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় অস্ত্রধারীরা।
ঘটনার পরপরই অঙ্কিতকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও তাঁর মৃত্যু হয়। প্রকাশ্য রাস্তায় এভাবে গুলি করে হত্যার ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে।
আরও পড়ুন: নিজ বাড়িতে মডেল খুন, সন্দেহের কেন্দ্রে জিম ট্রেইনার
এদিকে হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে পুলিশ। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য-প্রমাণ বিশ্লেষণ করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ বা হামলার পেছনে কারা রয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি পুলিশ।
অঙ্কিত বালিয়ান হরিয়ানভি গান ও ইউটিউব কনটেন্টের জন্য পরিচিত ছিলেন। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে তাঁর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করা ভিডিওটি এখন নতুন করে আলোচনায় এসেছে। বিশেষ করে ভিডিওর গানের কথার সঙ্গে তাঁর আকস্মিক হত্যাকাণ্ডের মিল থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন ও জল্পনা তৈরি হয়েছে।
তবে শেষ ইনস্টাগ্রাম পোস্টের গানের কথার সঙ্গে হত্যাকাণ্ডের কোনো সরাসরি যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয় বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সূত্র: এনডিটিভি
