×

জাতীয়

হজ কার্যক্রমে অনুমতি পেলো আরও ৩৮ এজেন্সি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৫:০৭ পিএম

হজ কার্যক্রমে অনুমতি পেলো আরও ৩৮ এজেন্সি

ছবি : সংগৃহীত

আগামী ২০২৭ সালের হজ কার্যক্রমে অংশ নেওয়ার জন্য আরও ৩৮টি হজ এজেন্সিকে শর্তসাপেক্ষে অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার (২৫ আগস্ট) ষষ্ঠ পর্যায়ে প্রাথমিকভাবে যোগ্য হজ এজেন্সিগুলোর তালিকা প্রকাশ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৫ মে হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে পাঁচ ধাপে ৬৪২টি এজেন্সিকে ২০২৭ সালের হজ কার্যক্রমে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের দেওয়া শর্ত অনুযায়ী, প্রকাশিত যোগ্য তালিকার কোনো এজেন্সি যৌক্তিক কারণ ছাড়া ২০২৭ হজ মৌসুমে হজযাত্রী নিবন্ধন না করলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রাক-নিবন্ধনের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়।

হজযাত্রী নিবন্ধন শুরুর আগে যোগ্য এজেন্সিগুলোকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে গ্রুপ বা অ্যালায়েন্স গঠন করতে হবে।

সৌদি সরকারের নির্ধারিত ন্যূনতম হজযাত্রীর কোটা কোনো এজেন্সি এককভাবে অথবা সমন্বয়ের মাধ্যমে পূরণ করতে পারলে ওই এজেন্সি কিংবা লিড এজেন্সি সৌদি আরবে হজযাত্রী পাঠাতে পারবে।

আরও পড়ুন: মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত, কারণ জানাল পররাষ্ট্র দপ্তর

এজেন্সিগুলোকে ই-হজ সিস্টেমে নির্ধারিত প্যাকেজ ঘোষণা করে হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করতে হবে। এ প্যাকেজই হজযাত্রী ও এজেন্সির মধ্যে চুক্তিপত্র হিসেবে গণ্য হবে। এতে সৌদি আরবে দেওয়া সেবার বিবরণ, অবস্থানের সময়কাল, হোটেলের দূরত্ব এবং প্যাকেজের মূল্য অবশ্যই উল্লেখ করতে হবে।

প্রতিটি এজেন্সিকে কমপক্ষে ৪৪ জন হজযাত্রী নিবন্ধন করতে হবে। একজন গাইডের জন্য নির্ধারিত সংখ্যক হজযাত্রী পূরণ হলেই এজেন্সি সমন্বয় প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। অন্যথায় লিড এজেন্সির অধীনে থাকা অন্য কোনো এজেন্সিতে হজযাত্রী স্থানান্তরের মাধ্যমে তাদের হজ পালনের ব্যবস্থা করতে হবে।

প্রতি ৪৪ জন হজযাত্রীর জন্য একজন করে হজ গাইড নিয়োগ দিতে হবে। গাইডকে আরবি ভাষায় দক্ষ, তথ্যপ্রযুক্তিতে পারদর্শী এবং হজ ব্যবস্থাপনায় অভিজ্ঞ হতে হবে। ই-হজ সিস্টেমে গাইডের তথ্য যুক্ত করার সময় তার পাসপোর্ট ও হজ পরিচালনার অভিজ্ঞতার তথ্যও দিতে হবে।

কোনো অনিবন্ধিত ব্যক্তিকে হজযাত্রী হিসেবে সৌদি আরবে নেওয়া যাবে না। কোনো এজেন্সি এমন উদ্যোগ নিলে কারণ দর্শানোর সুযোগ ছাড়াই তাদের লাইসেন্স বাতিল করা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

পরবর্তীতে কোনো এজেন্সি হালনাগাদ তথ্যসহ আবেদন করলে তা যাচাই-বাছাই করা হবে। যোগ্যতা পূরণ করলে সংশ্লিষ্ট এজেন্সির নাম পরবর্তী যোগ্য তালিকায় প্রকাশ করা হবে।

যোগ্য তালিকা প্রকাশের পর কোনো এজেন্সির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়ে শাস্তি হলে কারণ দর্শানোর সুযোগ ছাড়াই সেই এজেন্সির নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে।

২০২৭ সালের জুন পর্যন্ত লাইসেন্স নবায়নের শর্তে এজেন্সিগুলোকে যোগ্য তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। যেসব এজেন্সির লাইসেন্সের মেয়াদ আগামী বছরের জুনের মধ্যে শেষ হবে, তাদের নির্ধারিত সময়ের মধ্যে নবায়নের জন্য আবেদন করতে হবে।

এ ছাড়া প্রতিটি এজেন্সিকে হালনাগাদ হজ লাইসেন্স, ট্রাভেল লাইসেন্স, ট্রেড লাইসেন্স ও আয়কর সনদ জমা দিতে হবে। একই সঙ্গে ঢাকা হজ অফিসের পরিচালকের সঙ্গে চুক্তিও স্বাক্ষর করতে হবে।

যোগ্য তালিকায় থাকা এজেন্সি ছাড়া অন্য সব এজেন্সির প্রাক-নিবন্ধন কার্যক্রম বন্ধ থাকবে। পরবর্তী সময়ে কোনো এজেন্সি যোগ্য তালিকায় অন্তর্ভুক্ত হলে তাদের প্রাক-নিবন্ধন কার্যক্রম পুনরায় চালু করা হবে।

অনুমোদিত হজ এজেন্সির তালিকা ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত তালিকা থেকে দেখা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রাথমিকে প্রধান শিক্ষক পদে নিয়োগে বড় সুখবর

প্রাথমিকে প্রধান শিক্ষক পদে নিয়োগে বড় সুখবর

২৪ বছর পর ভাঙল রেকর্ড, বিড়ালের পায়ে ২৯ আঙুল

২৪ বছর পর ভাঙল রেকর্ড, বিড়ালের পায়ে ২৯ আঙুল

ডনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের অপেক্ষায় সিআইডি

সালমান শাহ হত্যা মামলা ডনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের অপেক্ষায় সিআইডি

কমলো স্বর্ণের দাম

কমলো স্বর্ণের দাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App