×

রাজশাহী

রাবিতে র‍্যাগিংসহ বিভিন্ন অপরাধে ৯৯ শিক্ষার্থীকে শাস্তি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পিএম

রাবিতে র‍্যাগিংসহ বিভিন্ন অপরাধে ৯৯ শিক্ষার্থীকে শাস্তি

ছবি: সংগৃহীত

র‍্যাগিং, শারীরিক ও মানসিক নির্যাতন, হামলা ও সিল জালিয়াতির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৯৯ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

অপরাধের ধরন অনুযায়ী তাদের এক শিক্ষাবর্ষের ছাত্রত্ব বাতিল, হল থেকে স্থায়ী বহিষ্কার, কঠোর সতর্কবার্তা এবং অভিভাবকদের চিঠি পাঠানোর মতো শাস্তি দেওয়া হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের দুই সদস্য এসব তথ্য জানিয়েছেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার অনুষ্ঠিত রাবির ৫৪৯তম সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের বিরুদ্ধে এসব শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।

সিন্ডিকেট সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৯৯ শিক্ষার্থীকে অভিযোগের ধরন অনুযায়ী বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। এর মধ্যে র‍্যাগিংয়ের অভিযোগে ১৪ জন, সিল জালিয়াতির অভিযোগে ৩ জন এবং জুনিয়রের হাতে সিনিয়র শিক্ষার্থী শারীরিকভাবে হামলার শিকার হওয়ার ঘটনায় ১ জনসহ মোট ১৮ শিক্ষার্থীর ছাত্রত্ব এক বছরের জন্য স্থগিত করা হয়েছে।

এ ছাড়া আরও দুই শিক্ষার্থীর আবাসিকতা বাতিল করা হয়েছে। এক বছরের জন্য ছাত্রত্ব স্থগিত হওয়া ১৮ জনসহ মোট ২০ শিক্ষার্থীকে ভবিষ্যতে আবাসিক সুবিধা দেওয়ার জন্য বিবেচনা না করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

অন্যদিকে, র‍্যাগিংয়ের অভিযোগে বিভিন্ন বিভাগের আরও ৭৯ শিক্ষার্থীকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এসব শিক্ষার্থীর কেউ র‍্যাগিংয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত হলে তাদের বিরুদ্ধে আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অভিভাবকদের চিঠির মাধ্যমে শাস্তির বিষয়টি জানানো হবে।

আরো পড়ুন: ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১১ জনের মৃত্যু

রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিসিপ্লিনারি বোর্ডের ২০২৬ সালের সভায় উপস্থাপিত অভিযোগের তালিকা পর্যালোচনা করে দেখা যায়, শাস্তিপ্রাপ্তদের মধ্যে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের ৩১ জন, ইতিহাস বিভাগের ১৮ জন, লোকপ্রশাসন বিভাগের ১৫ জন, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ১৩ জন, অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচার এক্সটেনশন বিভাগের ৭ জন, চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের ৪ জন, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ৪ জন এবং চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের ৪ জন রয়েছেন।

এ ছাড়া অর্থনীতি বিভাগের ২ জন এবং গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের ১ জন শিক্ষার্থী রয়েছেন। সব মিলিয়ে বিভিন্ন অভিযোগে বিশ্ববিদ্যালয়ের মোট ৯৯ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান বলেন, ‘ডিসিপ্লিনারি বোর্ডের সুপারিশ অনুযায়ী র‍্যাগিং, বিভাগের মারামারি এবং সিল জালিয়াতির ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থীর বিষয়ে গতকাল অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় আলোচনা হয়েছে শুনেছি। তবে আমি সিন্ডিকেটের সদস্য না হওয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না।’

তিনি বলেন, ‘ডিসিপ্লিনারি বোর্ডের সুপারিশ বহাল থাকলে র‍্যাগিংয়ের ঘটনায় কেউ কঠোর শাস্তি, কেউ সতর্কতামূলক শাস্তি এবং কারও হলের আবাসিকতা স্থায়ীভাবে বাতিল হতে পারে। পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষার্থীদের পরিবারের কাছে চিঠি দিয়ে তাদের সন্তানদের বিষয়ে অবহিত করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।’

প্রক্টর আরো বলেন, ‘শাস্তির উদ্দেশ্য শিক্ষার্থীদের ধ্বংস করা নয়, বরং ভুল থেকে তাদের ফিরিয়ে এনে ভবিষ্যৎ জীবন সুন্দর করার সুযোগ দেওয়া। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সংশোধনের সুযোগ দেওয়ার পাশাপাশি অভিভাবকদেরও বিষয়গুলো সম্পর্কে অবহিত রাখতে চায়।’

আরো পড়ুন: রাষ্ট্রপতি-অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, ‘র‍্যাগিংয়ের ঘটনায় ডিসিপ্লিনারি বোর্ডের সিদ্ধান্ত গতকাল সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রায় শত শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ এক বছরের জন্য ছাত্রত্ব স্থগিত, আবাসিকতা বাতিল ও কঠোর সতর্কতাসহ বিভিন্ন ধরনের শাস্তি রয়েছে।’

উপাচার্য আরো বলেন, ‘শিক্ষার্থীদের উদ্দেশে বার্তা থাকবে র‍্যাগিংয়ের সঙ্গে জড়িত থাকার বিষয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ করবে না বর্তমান প্রশাসন। এ ছাড়া আরো বেশকিছু বিভাগ উপকমিটিতে তদন্তনাধীন রয়েছে, পরবর্তী সিন্ডিকেটে তাদের বিষয়েও সিদ্ধান্ত আসবে বলে জানান এ উপাচার্য।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের আসছে দুই কার্গো এলএনজি

দেশের আসছে দুই কার্গো এলএনজি

রাবিতে র‍্যাগিংসহ বিভিন্ন অপরাধে ৯৯ শিক্ষার্থীকে শাস্তি

রাবিতে র‍্যাগিংসহ বিভিন্ন অপরাধে ৯৯ শিক্ষার্থীকে শাস্তি

রাষ্ট্রপতি-অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি-অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১১ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১১ জনের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App