হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর
মোট মৃত্যু ৯৩৩
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৫:৪১ পিএম
ফাইল ছবি
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৭ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ ছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন আরও ১৩১ জন।
রোববার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ হাম পরিস্থিতিবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ৮৩৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৯৯ জন। সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হামে এ সময়ে মোট ৯৩৩ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত ১৩১ জনসহ ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৮ হাজার ৪০৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
আরও পড়ুন: অভিযোগ অনেক থাকলেও শাস্তির নজির নিতান্তই কম
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ৯৭ জনের। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আক্রান্ত বা সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৫০৩ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, একই সময়ে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৩০ হাজার ৬০৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ৭৭৫ জন।
হাম পরিস্থিতিতে গত কয়েক মাসে আক্রান্ত ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত প্রতিবেদনের মাধ্যমে দেশে হাম পরিস্থিতির সর্বশেষ তথ্য প্রকাশ করছে।
